জেলার সংবাদ

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অতিরিক্ত পিপি নিহত, আহত ৪ আইনজীবী

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার বেলা তিনটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। আহত অপর আইনজীবীরা হলেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন।

 

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

 

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন