মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় এক বাইকারের মৃত্যু হয়েছে। শুক্রবার(১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান(১৯) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে সন্ধ্যা ৭টার দিকে বন্ধুদের নিয়ে ১১টি বাইকসহ ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তারা। এ সময় তাদের সাথে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার যুক্ত হন।
ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত বাইক রেস করার কথা ছিল তাদের। বাইক রেসের সময় শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবুলের। এসময় তার বন্ধুরা রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ডিবিসি/এসডব্লিউএন