দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে সৎ ও ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সৎ ও যোগ্য রাজনীতিবিদ তৈরি করতে না পারলে কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তথ্যমন্ত্রী বলেন, গত দেড় দশকে দেশে রাজনৈতিক নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী তরুণরা রাজনীতিবিমুখ হয়ে পড়েছে এবং রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, রাজনীতিবিদদের সন্তানরাও এখন রাজনীতিতে আসতে অনীহা প্রকাশ করছে।
একটি উপমা দিয়ে তিনি বলেন, রান্নার ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন সুস্বাদু খাবার সম্ভব নয়, তেমনি নীতিবান মানুষ নেতৃত্বে না এলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল ধরে রাখা যাবে না।
বরিশালের ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত রাজনীতি ও খেলাধুলাসহ জাতীয় নানা ক্ষেত্রে বরিশাল নেতৃত্ব দিয়েছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো মহান নেতাদের উদাহরণ টেনে তিনি বলেন, বরিশালকে সত্যিকারের একটি উন্নত জনপদে রূপ দিতে হলে নতুন প্রজন্মের মধ্য থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে কেবল অবকাঠামোগত উন্নয়ন বা শিল্পায়নই যথেষ্ট নয়, প্রয়োজন গুণগত ও টেকসই উন্নয়ন। আর এর জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। তরুণ প্রজন্ম যাতে স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশ নিতে পারে, সে জন্য অনুকূল পরিবেশ তৈরি করা বর্তমান রাজনীতিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী কিংবা আইনজীবী হওয়ার পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় নিয়ে যদি রাজনীতিতে এগিয়ে আসে, তবেই দেশে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
ডিবিসি/এমএনকে