জেলার সংবাদ

কুষ্টিয়ায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কা লেগে ছাত্রদল নেতা নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্কহেড ভাড়া নিয়ে নৌভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রাকিবুজ্জামান রকি। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ১২৩ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেডের সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কা লাগলে প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাত ১২টা পর্যন্ত রকি নিখোঁজ ছিলেন।

 

নৌভ্রমণে অংশ নেওয়া যাত্রীদের সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে বাল্কহেডটি ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ্ মাজারে আসে। নৌযানটিতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন।

 

মাজার পরিদর্শন শেষে ফেরার পথে রাত ৯টা ১০ মিনিটের দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছাকাছি পৌঁছান। এ সময় তীব্র স্রোতের কারণে ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডটির পেছনের অংশের সজোরে ধাক্কা লাগে। এতে ঝাঁকুনিতে রকি, লিটন ও ওহাব ছিটকে নদীতে পড়ে যান।

 

তাৎক্ষণিকভাবে লিটন ও ওহাবকে জীবিত উদ্ধার করা গেলেও রকি স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

 

রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘সে যখন ছিটকে পড়ে যাচ্ছিল, আমি তাকে হাত ধরে টেনে রাখার চেষ্টা করেও পারিনি। তবে সে শারীরিকভাবে যথেষ্ট শক্ত-সামর্থ্য এবং সাঁতারে দক্ষ। আমরা আশা করছি সে নিরাপদে ফিরে আসবে।’

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ রকিকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। পুলিশ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত জানান, ছিটকে পড়া তিনজনের মধ্যে দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাত গভীর ও আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও রকিকে খুঁজে পেতে জোর তৎপরতা চলছে। ঘটনাস্থলে প্রশাসনের সব ইউনিটের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারকি করছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন