শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে ক্ষোভে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। অভিযুক্তরা হলেন সবুজবাগ এলাকার নাসির বেপারীর দুই ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাসির বেপারীর ছোট ছেলে সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। নেশার টাকার জন্য তারা প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন ও বাড়িঘর ভাঙচুর করতেন। কিছুদিন আগেই ছেলেদের চাপে বাবা নাসির বেপারী কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে তাদের দেন, যা তারা জুয়া ও নেশা করে শেষ করে ফেলে।
সর্বশেষ শুক্রবার তারা ফের বাবার কাছে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করে এবং টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়। বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষোভ প্রকাশ করে নাসির বেপারীর বড় ছেলে আল আমিন বলেন, ‘আমার ছোট দুই ভাই নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই নির্যাতন করে। কিছুদিন আগে কিস্তিতে তোলা ৩০ হাজার টাকা জুয়া খেলে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকার জন্য চাপ দেয়। বাবা টাকা না দেওয়ায় ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এদের হাত থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নেশার টাকার জন্য তারা ঘরে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকের বিরুদ্ধে দ্রুতই সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে