জাতীয়

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সামগ্রিক উন্নয়ন, রাষ্ট্র পুনর্গঠন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সরকারি-বেসরকারি উদ্যোগকে সমন্বিত করতে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে।

 

উদ্বোধনী বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টে তরুণ প্রজন্মের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ চাইলে যেকোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব, যা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। সেই ধারাবাহিকতায় রাষ্ট্র পুনর্গঠন এবং আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা অন্তত ৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে তরুণদের একযোগে মাঠে নামার আহ্বান জানান তিনি। 

 

স্কাউটস, বিএনসিসি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি কোটি শিক্ষার্থীর শক্তিকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 

যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জমে থাকা পানি ও প্লাস্টিক-ভাঙারি থেকেই এডিস মশার জন্ম হয়। সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র পরিষ্কারে সময় দিলে পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, নিজেকে, পরিবারকে এবং দেশকে সুস্থ রাখতে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং যারা পরিবেশ দূষণ করে তাদের নিরুৎসাহিত করতে হবে। আগামী দিনের মূল লক্ষ্য হিসেবে তিনি পরিচ্ছন্নতা ও নিরবচ্ছিন্ন কাজের ওপর জোর দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেঙ্গু প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

 

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ভার্চুয়ালি দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন