নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিলো।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌর এলাকার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি শেল্ফের ওপর অস্ত্র দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।
পরে তিনি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করে আড়াইহাজার থানায় নিয়ে যান। সেখানে তিনি উদ্ধার করা অস্ত্র ও গুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি পুলিশের ব্যবহৃত। ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিলো অস্ত্রটি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে তিনি আড়াইহাজারে যাচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে আরও তথ্য পাওয়া যাবে। কীভাবে অস্ত্র ও গুলি মসজিদে পৌঁছাল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/ এইচএপি