ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম সম্মেলন। সম্মেলনকে ঘিরে বিশ্ব নেতাদের উপস্থিতির আগে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চালানো হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ব নেতাদের যাতায়াতের পথে থাকা ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও একই বস্তি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
বসন্ত বিহার কুলি ক্যাম্পের অবস্থান এমন একটি এলাকায়, যেখান দিয়ে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা যাতায়াত করছেন। তাদের আগমনের আগে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবেই বস্তিটিকে আড়াল করা হয়েছে।
বস্তির কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময়ও কাপড়ের পর্দা দিয়ে পুরো এলাকা ঢেকে দেওয়া হয়েছিল। এতে বস্তির বাসিন্দাদের চলাচল এবং ছোট ব্যবসায় কিছুটা বিঘ্ন ঘটে।
এবারও একইভাবে বস্তি ঢেকে দেওয়ায় বাসিন্দাদের অনেকে মনে করছেন, বিদেশি অতিথিদের কাছ থেকে দিল্লির দারিদ্র্যের চিত্র আড়াল করা হচ্ছে। ওয়ানইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিটির বেশিরভাগ বাসিন্দাই দিনমজুর। অনেকে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে চলাচলে সামান্য সীমাবদ্ধতাও তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।
তবে এ উদ্যোগের পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। তাদের মতে, আন্তর্জাতিক সম্মেলন চলাকালে দিল্লিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা জরুরি।
ডিবিসি/এসএফএল