জাতীয়

ভারতের গুজরাট থেকে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরে ইলিশ উৎপাদন তুলনামূলকভাবে কম হওয়ায় ঘাটতি মেটাতে এই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ। জানা গিয়েছে, গত দু-তিন মাসে ভারতের গুজরাট থেকে ইতিমধ্যেই ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে, যা এক প্রকার রেকর্ড।

এবারের বর্ষায় বাংলাদেশে ইলিশের উৎপাদন কম হয়। ইলিশের এই ঘাটতি পূরণে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছ বাজার থেকে ওই বিপুল পরিমাণ ইলিশ আমদানি করেছেন। আগামী এক-দু'সপ্তাহের মধ্যে আরও দেড়শো থেকে দুশো মেট্রিক টন ইলিশ বাংলাদেশে আসার কথা রয়েছে। 

 

হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, সাধারণত এপার বাংলা থেকে বোয়াল, রুই, পারশে বা টেংরা ওপার বাংলায় পাঠানো হয়। তবে এবার সেখানে ইলিশের ঘাটতি থাকায় এই প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হলো।

 

বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে ডিম-ভর্তি ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকায় তা এখানকার মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। মাছের ডিম বের করে তারা প্রসেসিংয়ের মাধ্যমে বিদেশে রপ্তানি করছে এবং পাশাপাশি ইলিশ মাছ শুকিয়ে স্থানীয় বাজারেও ভালো দামে বিক্রি হচ্ছে।

 

প্রতি বছর পুজোর আগে সাধারণত বাংলাদেশ ও মায়ানমার থেকে ভারতে প্রচুর ইলিশ আমদানি করা হয়। মূলত বাংলাদেশ সরকার কলকাতায় পুজোর উপহার হিসেবে এই ইলিশ পাঠায়। তবে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ায়, এ বছর ভারতের মাছ ব্যবসায়ীরা সরাসরি বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের কাছে ইলিশ মাছের জন্য আবেদন জানিয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন