ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহত আসাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দেরহাট বিওপির সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সেখানে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে আসাদুল হক গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, নিহত আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও রয়েছে। পীরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে মাদক ও মানব পাচার আইনে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছে ৪২ বিজিবি ব্যাটালিয়ন। বিষয়টি সমাধানে আজ (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ডিবিসি/হাদী