চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজারসংলগ্ন ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের দুই সন্তান মিমতা ও মোর্শেদ, তাঁদের ফুফা এবং স্থানীয় ব্যবসায়ী ফেরদৌস আলম ফিরোজ (পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার বাসিন্দা) এবং মাইক্রোবাসের চালক মুন্না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে মাইক্রোবাসযোগে কক্সবাজার ফিরছিলেন যাত্রীরা। গাড়িটি কর্ণফুলীর ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি/হাদী