বাংলাদেশ, সারা বাংলা

পটুয়াখালীতে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে প্রিন্সকে আটক করা হয়। তিনি কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।


শাম্মী আক্তারের অভিযোগ, প্রায় তিন মাস আগে ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের মিউটিশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্সের কাছে জমা দেন তিনি। পরে প্রিন্স দুটি দলিলের মিউটিশন সম্পন্ন হয়েছে জানিয়ে কাগজপত্র তার কাছে দেন। কাগজে থাকা কিউআর কোড যাচাই করে শাম্মী দেখতে পান, মিউটিশন দুটি ভুয়া।


অভিযোগ অনুযায়ী, ওই মিউটিশন কাগজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষরের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানার পর রবিবার দুপুরে তিনি এসিল্যান্ড কার্যালয়ে গিয়ে পুলিশকে মৌখিক অভিযোগ দেন এবং প্রিন্সকে ধরিয়ে দেন।


সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এ ধরনের জালিয়াতির কারণে কুয়াকাটা থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার কাছে অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, এ ধরনের অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন