সারা বাংলা

রাস্তা না থাকায় ভ্যানে পাম্প নিয়ে আগুন নেভাল ফায়ার সার্ভিস কর্মীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় প্রায় এক কিলোমিটার দূর থেকে ভ্যানগাড়িতে করে পাম্পসহ অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে আগুন নেভাতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। স্থানীয়দের সহযোগিতায় ভ্যানে করে সরঞ্জাম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে  উপজেলার তন্তর ইউনিয়নের রুশদী গ্রামের সোহাগ আলী সরদারের কাঠ ও টিনের তৈরি বসতঘরে আগুন লেগেছে।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার উপযোগী রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থামিয়ে দিতে হয়। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাসের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন