সারা বাংলা

টাঙ্গাইলে সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সম্পত্তির হিস্যা দাবি করে না পেয়ে দাদা-দাদির থাকার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি জনপদ ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

ধরাটি গ্রামের বাসিন্দা ও গিটিস নকরেকের আত্মীয় অবিনাশ নকরেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক রীতিতে পরিবারে সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে।
 

তিনি বলেন, গিটিসের মা শাপলী নকরেক এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার মেয়েরা সবাই ঢাকায় থাকেন। বাড়িতে থাকেন বৃদ্ধ দাদা-দাদি সনেন্দ্র চিরান ও সীতা নকরেক।
 

গিটিস স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ায় তিনি পরীক্ষায় অংশ নেননি। কয়েক দিন ধরে তিনি মায়ের সম্পত্তির অংশ লিখে দেওয়ার জন্য দাদা-দাদিকে চাপ দিয়ে আসছিলেন। তবে গারো ভূমি আইন অনুযায়ী তিনি মায়ের সম্পত্তির অংশ পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে গিটিস দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন অবিনাশ নকরেক।

 

আগুনে ঘরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানা গেছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন