পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গাছের নিচে ইটের ফাঁকে পড়ে থাকা কার্তুজটি প্রথমে খেলনা ভেবে এক শিক্ষার্থী বাড়িতে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান। খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামার মতো দেখতে একটি বস্তু সে দেখতে পায়। সেটিকে খেলনা মনে করে সে বাড়িতে নিয়ে যায়। পরদিন রবিবার টিফিনের সময় ওই বস্তুটি বন্ধুদের পাশাপাশি এলাকার বড় ভাই জিহাদ হোসাইনকে দেখায় জিসান। বস্তুটি দেখে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান জানায়, বল আনতে গিয়ে বস্তুটি পেয়ে প্রথমে সেটিকে খেলনা মনে করেই সে বাড়িতে নিয়ে গিয়েছিল। পরে এলাকার বড় ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন এবং পুলিশ এসে এটি কার্তুজ বলে নিশ্চিত করে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি মেশিনগানের কার্তুজ। তবে এই কার্তুজটি কীভাবে কলেজ চত্বরে এলো, সে বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
ডিবিসি/আরএসএল