কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দেশীয় অস্ত্রের (হাসুয়া) আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল ওই গ্রামের সুলতান বাদালের ছেলে। এ ঘটনায় বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইমদাদুলকে হাসুয়া দিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী জানান, নিহত ইমদাদুল পেশায় একজন কৃষক ছিলেন। জমি নিয়ে আপন ভাইয়ের হাতে খুন হওয়ার এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল