বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ তিনদিন পর পূর্ণ মাত্রায় পুনরায় চালু হয়েছে। ফলে বাংলাদেশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
বিপিডিবির সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে আজ রবিবার দুপুর ১২টা ৪ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিট-২ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করায় সন্ধ্যা ৬টায় সরবরাহের পরিমাণ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।
আদানি পাওয়ার সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউনিট-২-এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।
২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। চুক্তি অনুযায়ী, গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা রয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।
আদানির ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
ডিবিসি/ এইচএপি