আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাতটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি, যেখানে সাতটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। এছাড়া আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তিনি উল্লেখ করেন, এগুলো এখনও চূড়ান্ত নয়, বরং প্রাথমিক সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
ডিবিসি/আরএসএল