আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে এ বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ’আমরা ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ যারা নির্বাচন ও ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত, এমন অংশীজনদের নিয়ে একটি সভা করব। এই সভায় যে মতামত ও ইনপুট পাওয়া যাবে, তার ওপর ভিত্তি করেই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।’ ওই দিন সভার পর সাংবাদিকদের এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।
ডিবিসি/আরএসএল