আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীনা বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ সোনা ও রুপা সমৃদ্ধ একটি বিশাল খনিজ সম্পদের সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। বেশ কয়েকটি চীনা অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের যৌথ বৈজ্ঞানিক অভিযানে এই খনির খোঁজ মেলে।

চীনের সিংহুয়া ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ওশেন ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস-ডিন এবং এই প্রকল্পের অন্যতম প্রধান বিজ্ঞানী সং শিজি জানিয়েছেন, সমুদ্রের তলদেশে পাওয়া এই খনিজ সম্পদের বাণিজ্যিক ব্যবহারের অত্যন্ত উচ্চ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে পাওয়া আকরিকগুলোতে রুপার পরিমাণ প্রতি টনে এক কেজিরও বেশি, যা ভূপৃষ্ঠের সাধারণ খনির তুলনায় অনেক বেশি।


গত ১০ আগস্ট শেনজেন থেকে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওশেনোগ্রাফিক রিসার্চ ভেসেল 'শিয়াং ইয়াং হং ১০'-এ করে এই অভিযান শুরু হয়। দলে কিংডাও ইনস্টিটিউট অব মেরিন জিওলজি এবং সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটির গবেষকরাও ছিলেন। ১৮ দিনের এই অভিযানে সাতবার গভীর সমুদ্রে ডুব দেওয়া হয়। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, চীনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি ব্যাক-আর্ক বেসিনে এই খনির অবস্থান।


বিজ্ঞানীরা জানান, সমুদ্রের তলদেশে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরে অত্যন্ত উত্তপ্ত ও খনিজ সমৃদ্ধ পানি যখন প্রায় হিমাঙ্কের কাছাকাছি থাকা সাগরের পানির সংস্পর্শে আসে, তখন হঠাৎ শীতল হয়ে এই 'হাইড্রোথার্মাল সালফাইড' আকরিক তৈরি হয়। নতুন আবিষ্কৃত এই খনিটিতে তিনটি বিশাল শঙ্কু আকৃতির সালফাইড স্তূপ রয়েছে, যেখানে মূলত চ্যালকোপাইরাইট, পাইরাইট এবং স্ফ্যালেরাইটের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া গেছে।


পরীক্ষাগারের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এখানে প্রতি টন আকরিকে স্বর্ণের পরিমাণ ১৫.৪ গ্রাম এবং রুপার পরিমাণ ১.২৭ কেজি পর্যন্ত, যা ভূপৃষ্ঠের খনির গড় পরিমাণের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়া খনিটির আশপাশে গভীর সমুদ্রের চরম প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অনন্য জীববৈচিত্র্যেরও সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা চরম পরিবেশে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার গবেষণায় বিজ্ঞানীদের নতুন ধারণা দেবে।

 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন