কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার সময় ২৫ কিশোরকে আটক করা হয়। পরে সতর্ক করে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আড্ডাস্থলে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া অবস্থায় ২৫ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়।
পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সন্ধ্যার পর সন্তানদের অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়া থেকে বিরত রাখার পরামর্শ দেন। পরে মুচলেকা নিয়ে আটক কিশোরদের তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের বেলা আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাফেরার কারণে কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণেই শহরের বিভিন্ন এলাকায় রাতের টহল বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনবোধে থানায় এনে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।’
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের উদ্যোগে শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।
ডিবিসি/এমএনকে