সারা বাংলা

সরকারকে বিব্রত করতে সারের কৃত্রিম সংকট তৈরি করছে ফ্যাসিস্টদের সিন্ডিকেট: এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারকে বিব্রত করতে ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া ডিলাররা সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এই অসাধু সিন্ডিকেট ভেঙে দিতে নতুন ডিলার নিয়োগের কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মন্দির ও শ্মশানে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করে দিয়েছে। সেই কাঠামো পুনর্গঠন করতে কিছুটা সময়ের প্রয়োজন।’

 

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে নির্দিষ্ট কিছু নেতাকর্মীর মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। তারাই মূলত বর্তমান সরকারকে বিব্রত করতে সার সংকট তৈরির চক্রান্তের সঙ্গে জড়িত।

 

সংকট সমাধানে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন সার ডিলার নিয়োগের মাধ্যমে বিদ্যমান এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। এর মাধ্যমে সার নিয়ে সৃষ্ট বর্তমান সংকট ও সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এর আগে, সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন