ক্রিকেট

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

বাসস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, জ্যোতি ইতোমধ্যে বিসিবি সভাপতি ও তাকে চিঠি দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন। তবে এশিয়ান গেমসের মতো বড় একটি টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে অধিনায়কের এমন ঘোষণায় কিছুটা বিব্রত বিসিবির এই অভিজ্ঞ সংগঠক। তিনি মনে করেন, এমন সিদ্ধান্তের জন্য সময়টা মোটেও উপযুক্ত নয়। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের মানসিক অস্থিরতা এড়াতে গেমসের পর তিনি এই ঘোষণা দিতে পারতেন।


রফিকুল ইসলাম বাবু আরও জানান, বিসিবি এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এশিয়ান গেমস শেষ হওয়ার পর তারা বসে পরবর্তী করণীয় ঠিক করবেন।


২০২১ সালে তিন ফরম্যাটের দায়িত্ব পাওয়ার পর জ্যোতি দলকে বেশ কিছু স্মরণীয় জয় উপহার দিয়েছেন। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায়সহ সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্স তার ওপর চাপ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তারপরও আসন্ন টুর্নামেন্টের আগে দলের পারফরম্যান্স নিয়ে কোনো নেতিবাচক আলোচনা করতে নারাজ নারী উইংয়ের চেয়ারম্যান। অতীতে যা-ই ঘটুক না কেন, জ্যোতিকেই দেশের সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, খেলোয়াড়রা কোনো মানসিক চাপ ছাড়াই মানসিকভাবে চাঙ্গা থেকে এশিয়ান গেমসে নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দেবেন।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন