সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিবেশ মন্ত্রীর লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে সঠিকভাবে সমাজকে খাপ খাওয়াতে হয়। এর দায়িত্ব পিতা মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের একসাথে কাজ করতে হবে। সব সমস্যা শুধু রাষ্ট্রের উপর ছেড়ে না দিয়ে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ডিবিসি/আরএসএল