উপযুক্ত সুরক্ষাব্যবস্থা বা সঠিক নীতিমালা না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও সমাজের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী লুইস হাই ।
মঙ্গলবার স্থানীয় সময় (১৫ সেপ্টেম্বর) টিইউসি কংগ্রেসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের উপ-প্রধান ও ফার্স্ট সেক্রেটারি অব স্টেট জানান, প্রযুক্তিটির একেবারে প্রথম সারিতে যারা কাজ করছেন, তাদের দেয়া সতর্কবার্তাকে সরকারের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। জনসেবা, ব্যবসা ও বিজ্ঞানে এআইয়ের ব্যাপক সম্ভাবনার কথা স্বীকার করলেও তিনি জোর দিয়ে বলেন, ঝুঁকি কমিয়ে সমাজের কল্যাণে এর ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতেও সরকার প্রস্তুত রয়েছে।
সম্প্রতি এআই খাতের সঙ্গে যুক্ত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সতর্কবার্তার পর এই প্রযুক্তি নিয়ে বিশ্বে নতুন করে উদ্বেগ বেড়েছে। এআইয়ের কারণে আগামী এক দশকের মধ্যে মানবজাতি ধ্বংস হওয়ার ১০ শতাংশের বেশি আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের গবেষক ইভান হুবিঙ্গার। প্রতিষ্ঠানটির আরেক সাবেক গবেষক জ্যাকব কক্সন সতর্ক করে বলেছেন, এখনই যদি প্রযুক্তির এই দ্রুত বিকাশের লাগাম টানা না হয়, তবে অদূর ভবিষ্যতেই মানুষের বিলুপ্তির প্রবল শঙ্কা রয়েছে। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই মডেলগুলোর উন্নয়নের গতি কমানো এবং কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন, যাকে সমর্থন দিয়েছেন ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং ইলন মাস্কের মতো প্রযুক্তিবিদেরা। এদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি অ্যালেক্স সোবেল জানিয়েছেন, যুক্তরাজ্যসহ বিশ্বের কোথাও বর্তমানে এআই নিয়ন্ত্রণের জন্য যুগোপযোগী কোনো আইন নেই।
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় জরুরি অবস্থায় প্রযুক্তিটি বন্ধ করে দেওয়ার জন্য একটি 'কিল সুইচ' ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন গবেষক ও আইনপ্রণেতাদের অনেকেই। তবে যুক্তরাজ্যের ব্যবসা বিষয়ক মন্ত্রী জনাথন রেনল্ডস এবং মন্ত্রিপরিষদ কার্যালয় এই ধারণা নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য চাইলেই এককভাবে এআই বন্ধ করতে পারে না, কারণ এতে অন্য কোথাও এর উন্নয়ন থেমে থাকবে না। মন্ত্রী রেনল্ডস জানান, অতিরিক্ত নীতিমালার কারণে যুক্তরাজ্য যদি বিদেশি এআই মডেলগুলো ব্যবহারের সুযোগ হারায়, তবে তা দেশটিকে উল্টো আরও অনিরাপদ করে তুলবে। এআইয়ের ঝুঁকি নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টি বা অতিরঞ্জন- দুটোই এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসভিএন