ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকা সংলগ্ন সড়কে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এর প্রায় ৮ থেকে ১০ মিনিট পর ক্যাম্পাসের আরেকটি এলাকায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জগন্নাথ হলের পূর্ব গেটে দায়িত্বরত এক কর্মী জানান, গেটে বসে থাকার সময় হঠাৎ পরপর দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাওয়া যায়। তবে গেট থেকে অকুস্থল কিছুটা দূরে হওয়ায় কারা এই ককটেল নিক্ষেপ করেছে, তা দেখা যায়নি।
রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং রতন বলেন, জগন্নাথ হলের সামনের রাস্তায় প্রথমে পরপর দুটি এবং এর আট-দশ মিনিট পর আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তৃতীয় বিস্ফোরণটি ক্যাম্পাসের ঠিক কোন জায়গায় হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জড়িতদের শনাক্ত করতে বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।