২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে ১২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের পর অলিম্পিকের এই আসরে যুক্ত হতে যাওয়া ক্রিকেট ইভেন্টে খেলার স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। সেই লক্ষ্য সামনে রেখে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে টি-টোয়েন্টি ফরম্যাটে জোর দিচ্ছেন তিনি।
টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী এই অজি তারকা অলিম্পিক খেলার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেন। বর্তমানে তিনি ডাবলিনে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে অ্যামস্টারডাম ফ্ল্যামসের হয়ে খেলছেন। স্মিথ জানান, অলিম্পিকের প্রস্তুতি হিসেবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘এই মুহূর্তে হয়তো অলিম্পিকই একমাত্র জায়গা, যেখানে আমি অংশ হতে চেষ্টা করব। ইউরোপিয়ান লিগে অ্যামস্টারডামের হয়ে খেলতে চাওয়ার বড় কারণ হলো, যতটা সম্ভব বেশি টি-টোয়েন্টি খেলা।’
২০২৮ আসরে ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাকরোসের মতো খেলাগুলোও অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে।
টি-টোয়েন্টি ও অলিম্পিকের দিকে বাড়তি নজর দেওয়ার কারণে টেস্ট ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করছেন না স্মিথ। ফলে আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্মিথ স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখন ‘সিরিজ-বাই-সিরিজ’ ভাবছেন।
স্মিথের ভাষ্য, ‘পরের অ্যাশেজে খেলব কি না, তা জানি না। আমি এখন প্রতিটি সিরিজ ধরে ধরে এগোচ্ছি। আগামী বছরের সিরিজ এখনও অনেক দূরে।’
ইংল্যান্ডের কন্ডিশনে ২০০১ সালের পর আর অ্যাশেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ক্যারিয়ারে সেই অধরা স্বপ্ন এখনো পূরণ হয়নি স্মিথের। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের অনুভূতি অসাধারণ হবে স্বীকার করলেও তা বাস্তবতার ওপর ছেড়ে দিচ্ছেন তিনি।
অবসরের ভাবনা এখনই মাথায় আনছেন না জানিয়ে সাবেক এই অজি অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো তার অনেক কিছু দেওয়ার বাকি আছে। ভবিষ্যৎ নিয়ে স্মিথ মন্তব্য করেন, ‘আমার মনে হয়, আমি আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে পারব। খেলা ছাড়ার পর কী করব তা এখনো নিশ্চিত নই, তবে আশা করি ২২ গজে আমার আরও সময় বাকি আছে।’
ডিবিসি/এমএনকে