আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে ট্রাম্প প্রশাসনের ২৮০ কোটি ডলারের ভারী বোমা বিক্রির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা ও লেবাননে বেসামরিক প্রাণহানি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরায়েলের কাছে ২৮০ কোটি ডলারের ভারী গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, এটি ইসরায়েলে পাঠানো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক চালান হতে যাচ্ছে।

২,০০০ পাউন্ড ওজনের এসব ভারী বোমার বিস্ফোরণ ক্ষমতা এক হাজার ফুটেরও বেশি দূর পর্যন্ত প্রাণঘাতী হতে পারে এবং ৫০ ফুট পর্যন্ত গভীর গর্ত তৈরি করতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় এসব বোমার ব্যবহার ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিক অনুমোদনের জন্য প্রস্তাবটি কংগ্রেসের দুটি কমিটিতে পাঠিয়েছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যেও এই বিক্রির বিরোধিতা তৈরি হয়েছে। সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

 

কংগ্রেস আপত্তি জানালেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর জরুরি ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের মতামত পাশ কাটিয়ে সরাসরি এই অস্ত্র বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিতে পারেন।

 

ইসরায়েলের দাবি, হামাস ও হিজবুল্লাহ বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে বাঙ্কার বা টানেলে অবস্থান করায় এসব ভারী যুদ্ধাস্ত্র প্রয়োজন। তবে ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও, এই সুবিশাল অস্ত্র বিক্রির অনুমোদন তেল আবিবের প্রতি ওয়াশিংটনের ধারাবাহিক সামরিক সমর্থনেরই প্রতিফলন।

আরও পড়ুন