দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির যৌথ উদ্যোগে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। ‘পারবে তুমিও’ স্লোগানকে ধারণ করে এবারের আয়োজনে পেসারদের পাশাপাশি স্পিনার এবং প্রথমবারের মতো নারী ক্রিকেটারদেরও অংশগ্রহণের সুযোগ থাকছে।
এর আগে রবি ও বিসিবির এমন ট্যালেন্ট হান্টের সফল ইতিহাস রয়েছে। ২০১৬ সালের 'রবি ফাস্ট বোলার হান্ট'-এ প্রায় ৪০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেন। একইভাবে, ২০১৭ সালের 'রবি স্পিনার হান্ট' থেকে উঠে এসেছিলেন বর্তমান জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ লেগ স্পিনার রিশাদ হোসেন। অতীত আয়োজনের এই দুর্দান্ত সাফল্যই নতুন করে বোলার হান্ট শুরুর অন্যতম অনুপ্রেরণা।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের ৮টি ভেন্যুতে এই প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হবে। ঢাকার ২টি ভেন্যু ছাড়াও সিলেট, খুলনা (বরিশালের ট্রায়ালসহ), রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে মাঠে উপস্থিত থাকবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াডের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া সামগ্রিক বাছাই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় দলের কোচরাও যুক্ত থাকবেন।
বাছাইপর্ব শেষে নির্বাচিত সম্ভাবনাময় বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে আগামী দিনের জাতীয় দল ও পাইপলাইনের জন্য প্রস্তুত করা হবে। আগ্রহী বোলাররা 'My Robi' (মাই রবি) অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
ডিবিসি/পিআরএএন