ইসরায়েলের বর্তমান সরকারকে ‘গণহত্যাকারী শাসকগোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার জোর দাবি জানিয়েছে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়নগুলো। নিজেদের বার্ষিক সম্মেলনে ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস’ (বিডিএস) আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
ইউনিয়ন নেতারা উল্লেখ করেন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে ব্রিটিশ সরকার কিছু কার্যকর পদক্ষেপ নিলেও ফিলিস্তিনি জনগণের দাবির প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব এখনো তাদের রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের প্রভাবকে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
একই সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়নগুলো ইসরায়েলি অর্থনীতির ওপর তাৎক্ষণিক ও কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যে থাকা সমস্ত ইসরায়েলি সম্পদ বাজেয়াপ্ত করা, অস্ত্র বাণিজ্য সম্পূর্ণ স্থগিত করা এবং যুক্তরাজ্য-ইসরায়েল বাণিজ্য চুক্তি বাতিল করা।
ডিবিসি/এসডব্লিউএন