কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার তাঁতারকান্দি-লক্ষ্মীপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং, গ্রী স্টার কেমিক্যাল কোম্পানি এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টস প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়।
পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রী স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসডব্লিউএন