পটুয়াখালীতে বাড়ি ফেরার পথে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদাউস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর শরীফ বাড়ির স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদাউস আমতলী উপজেলার শাখারিয়া হাজিরহাট এলাকার শাহিন মিয়ার ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের ছোট সদস্য। তার বাবা প্রবাসে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পটুয়াখালী থেকে শাখারিয়ার দিকে যাচ্ছিলেন ফেরদাউস। পথে একটি অটোরিকশা ডানদিকে ঘোরার সময় সেটি এড়াতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এরপর মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি তালগাছে সজোরে আঘাত করে। ধাক্কার পর ফেরদাউস ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটিও কিছুটা দূরে গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক ডা. মো. আফতাব উদ্দিন জানান, ফেরদাউসকে হাসপাতালে আনার পরপরই ইসিজি করা হয়। তখনই নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
ডিবিসি/এসডব্লিউএন