শিক্ষা

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। আজ রাত ৭টা ৪৫ মিনিটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

 

এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পেছানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু হয়। এই ধাপে শিক্ষার্থীদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয়নি এবং সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ ছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন