অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সহিংসতা ও তাদের তহবিলের উৎস বন্ধে ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। স্থানীয় দৈনিক ‘ইল সোলে ২৪ ওরে’-এর বরাতে এ তথ্য জানা গেছে।
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে দেওয়া বক্তব্যে তাজানি বলেন, জাতীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপগুলোর আইনি ভিত্তি প্রায়ই দুর্বল হয়, যার ফলে সেগুলোর কার্যকারিতা সীমিত থাকে এবং সহজেই ফাঁকফোকর গলে তা এড়ানো সম্ভব হয়। এ কারণেই যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো পদক্ষেপ কেবল সাতটি ইইউ সদস্য দেশ গ্রহণ করেছে। এমন আচরণে বাস্তব প্রভাব ফেলতে ইউরোপীয় ইউনিয়নের যৌথ আইনি ও রাজনৈতিক কাঠামোই একমাত্র কার্যকর উপায় বলে তিনি উল্লেখ করেন।
অবৈধ বসতি সম্প্রসারণকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং দখলদারদের সহিংসতা বরদাশত অযোগ্য উল্লেখ করে তিনি জানান, দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন কোনো আচরণ সমর্থনযোগ্য নয়। ইতালি ইতোমধ্যে সহিংস দখলদার ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে তিন দফার নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে এবং বর্তমানে আলোচনাধীন চতুর্থ দফার নিষেধাজ্ঞার প্যাকেজকেও সমর্থন জানাচ্ছে। বসতি বিস্তার রোধ ও সহিংসতা বন্ধের পাশাপাশি শান্তি ও নিরাপত্তার ভিত্তিতে পাশাপাশি দুটি রাষ্ট্র গঠনই তাদের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
এদিকে পশ্চিম তীরে ক্রমবর্ধমান অবৈধ বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং রেকর্ড পরিমাণ সহিংসতার প্রেক্ষাপটে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসও মঙ্গলবার জানিয়েছেন যে ব্লকটি ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে ইসরায়েল, যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তৈরি ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্টে প্রায় সাড়ে সাত লাখ বসতিস্থাপনকারী বসবাস করছে।
ডিবিসি/এসডব্লিউএন