আগামী মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে বর্তমানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এসব তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।
পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মস্কোর ওই ফোরামে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রোফাইলের ভিত্তিতে সরাসরি বিটুবি (B2B) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
মতবিনিময়কালে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিকের মতো নতুন ও সম্ভাবনাময় খাতগুলোতে জোর দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক। একইসঙ্গে তিনি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ওপরও গুরুত্বারোপ করেন।
জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া, রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা এবং বাংলাদেশের চামড়াজাত পণ্যের সেদেশে ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ এবং সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা প্রদান করেছে।
একই দিন এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে পৃথক এক বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’-এ অংশগ্রহণের জন্য এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান।
এফবিসিসিআই প্রশাসক এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন। উভয় বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়ান দূতাবাস ও শ্রীলঙ্কান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমএনকে