সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
এই সফরে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা, যা বন্যা দুর্গতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আগামী ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচগুলো মাঠে গড়াবে। মূলত এই সফরের প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যকার এক বৈঠকে। সেই আলোচনার সূত্র ধরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয় পরিদর্শন করেন রাষ্ট্রদূত ভান্ডারি। সেখানে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় প্রস্তাবিত এই সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটের বৃহত্তর সহযোগিতার বিষয়ে তাদের মাঝে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরটি নিশ্চিত করে এক বিবৃতিতে নেপালের বন্যা দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে। এই তিন ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’
দ্বিপাক্ষিক এই সিরিজের পাশাপাশি নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে বিসিবি। এই সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরম্যান্স (এইচপি) কর্মসূচি, উন্নত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেটীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিবিসি/এমএনকে