আন্তর্জাতিক

সুদানে স্বর্ণখনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫৮ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন এবং তারা মারা গেছেন বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের নিকটবর্তী 'আল-জারা' স্বর্ণখনিতে গত মঙ্গলবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন খনির বেশ কয়েকটি সুড়ঙ্গ হঠাৎ করেই ধসে পড়তে শুরু করে। পরবর্তীতে উদ্ধারকাজ চালিয়ে বুধবার সকালে দুর্ঘটনাস্থল থেকে ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

ভয়াবহ এই খনি ধসের ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা দুই ব্যক্তি বুধবার এএফপিকে দুর্ঘটনার বিস্তারিত জানান। খায়ের আল-সাইয়েদ নামের বেঁচে যাওয়া এক শ্রমিক বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।’ তিনি জানান, দুর্ঘটনার পর তিনি তাঁর অন্যান্য খনি শ্রমিক সহকর্মীদের সাথে নিয়ে সারারাত ধরে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন।

 

বর্তমানে খনির ধ্বংসস্তূপে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। অপ্রাতিষ্ঠানিক এই খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার অভাবকেই এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন