আবহাওয়া

দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির আভাসে তাপমাত্রা কমার সম্ভাবনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় বৃষ্টিপাতের প্রভাবেই চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

 

আগামী পাঁচ দিনের তাপমাত্রার ওঠানামা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দ্বিতীয় দিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও চতুর্থ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

অন্যদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন