জাতীয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে নির্বাচনী প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ প্রতীককে স্থগিত করা হয়েছে। পাশাপাশি, প্রার্থীর হলফনামায় পরিবার ও নির্ভরশীলদের আয়কর তথ্য প্রদান ঐচ্ছিক করা এবং নির্বাচনী ব্যয়ের জন্য প্রার্থীর পাশাপাশি এজেন্টের ব্যাংক হিসাব যুক্ত করার নতুন বিধান করা হয়েছে।

এসব সংশোধনী এনে গতকাল বুধবার ইসির পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জারি করা অপর এক প্রজ্ঞাপনে ইসি জানিয়েছিল যে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালাটি সংশোধন করা হয়েছে।

 

সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ এখন থেকে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও উল্লেখ করতে হবে। আগে কেবল প্রার্থীর হিসাব নম্বরের বিষয়টি উল্লেখ ছিল।

 

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের পাশাপাশি প্রার্থীর হলফনামা সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালায় প্রার্থীর হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্য অংশে পরিবর্তন এসেছে। আগে সেখানে নির্দিষ্ট কিছু তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা হলেও, সংশোধনের পর তা ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া, স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করেছে ইসি। সংশোধিত বিধিমালায় ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।

 

হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দটির আইনি ব্যাখ্যা স্পষ্ট করা হয়েছে। নতুন ব্যাখ্যা অনুযায়ী, ‘অভিযুক্ত’ বলতে কেবল সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (Charge) গঠন করা হয়েছে।

 

বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রতীকের তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তালিকার ৬৫ নম্বর প্রতীক হিসেবে থাকা ‘নৌকা’ প্রতীকটিকে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে।

 

সংশোধিত বিধি ৯-এর উপ-বিধি (১) অনুযায়ী, এখন থেকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন এই স্থগিত প্রতীক (নৌকা) বরাদ্দ করা যাবে না। স্থগিত প্রতীকটি বাদ দিয়ে প্রাপ্যতা সাপেক্ষে তালিকাভুক্ত বাকি প্রতীকগুলোর মধ্য থেকে যেকোনো একটি প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন