আইন ও কানুন

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।


মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। তার ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফিজার ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে একাধিকবার সালিস হলেও তা বন্ধ হয়নি।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে লোকলজ্জার ভয়ে তিনি বাবার বাড়িতে চলে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় অভিযোগ করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জেল হোসেন ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি হাফিজার শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন