সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার (কেএফএসএইচ) একটি দাতার হৃদয় ব্যবহার করে দুই শিশুর সফল চিকিৎসা করেছে। হাসপাতালটির দাবি, শিশুদের ক্ষেত্রে এ ধরনের ‘ডোমিনো হার্ট ট্রান্সপ্লান্ট’ মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রথম।
১২ বছর বয়সী এক কিশোর দীর্ঘদিন ধরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ও চূড়ান্ত পর্যায়ের হৃদ্যন্ত্র বিকলতায় ভুগছিল। প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শরীরে দাতার একটি হৃদয় প্রতিস্থাপন করা হয়। তবে তার পুরোনো হৃদয়ের পালমোনারি ভালভ ও রুট সুস্থ থাকায় চিকিৎসকেরা সেগুলো সংরক্ষণ করেন।
একই সময়ে গুরুতর অ্যাওর্টিক স্টেনোসিস ও রিগারজিটেশনে আক্রান্ত ৯ বছর বয়সী আরেক শিশুর জটিল ‘রস প্রসিডিউর’ করা হয়। অস্ত্রোপচারে শিশুটির সুস্থ পালমোনারি ভালভ ক্ষতিগ্রস্ত অ্যাওর্টিক ভালভের জায়গায় বসানো হয়। এরপর খালি হওয়া পালমোনারি স্থানে প্রথম শিশুর হৃদয় থেকে নেওয়া সুস্থ ভালভ ও রুট প্রতিস্থাপন করা হয়।
ফলে প্রথম শিশুটি একদিকে নতুন হৃদয় পেয়েছে, অন্যদিকে তার শরীর থেকে নেওয়া কার্যকর হৃদ্টিস্যু দ্বিতীয় শিশুর চিকিৎসায় ব্যবহৃত হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, জীবন্ত টিস্যু দিয়ে তৈরি এই ভালভ শিশুর শরীরের সঙ্গে বাড়তে পারে। ফলে ভবিষ্যতে বারবার ভালভ প্রতিস্থাপনের প্রয়োজন কমতে পারে।
কেএফএসএইচের হৃদরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, অত্যন্ত জটিল এই চিকিৎসায় হৃদ্যন্ত্র প্রতিস্থাপন, শিশু হৃদ্শল্যচিকিৎসা, অ্যানেসথেসিয়া, ইমেজিং ও নিবিড় পরিচর্যাসহ বিভিন্ন বিভাগের সমন্বিত দল কাজ করেছে।
সূত্র: আরব নিউজ
ডিবিসি/এসএফএল