ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে তার গাড়িচালক রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দিয়েছেন। জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রামকেশ একটি মামলার শুনানিতে আদালতে থাকায় তার চালক আউটডোরে (ওপিডি) বসে রোগীদের এই চিকিৎসাসেবা দেন।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে https://www.indiatoday.in/cities/kanpur/story/kanpur-hospital-driver-writing-prescriptions-doctor-absent-viral-video-2996456-2026-09-17পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের কাছে ব্যাখ্যা তলব করে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, চালক রোগীদের একে একে ডেকে তাদের সমস্যার কথা শুনছেন এবং ওষুধের নাম লিখে দিচ্ছেন। এমনকি হাসপাতালের ফার্মেসিতে ওষুধ নেই জানিয়ে তিনি রোগীদের বাইরে থেকে ওষুধ কেনারও পরামর্শ দেন।
কানশিরাম হাসপাতালের সিএমএস ডা. পীযূষ মিশ্র জানান, ডা. রামকেশ সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ভিডিওর সত্যতা স্বীকার করে ডা. রামকেশ হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তিনি আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন। সে সময় পরিচিত এক রোগী এলে তার চালক নিজ থেকেই ব্যবস্থাপত্র লিখে দেন। তবে অনুমতি ছাড়া এ ধরনের কাজ করায় তিনি ওই চালককে চাকরি থেকে বাদ দিয়েছেন।
সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া
ডিবিসি/এসভিএন