কর্মীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

আকিজ ভেঞ্চার ও আলাদিন'স জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

Mushfiqur Rahman

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকিজ ভেঞ্চার ও আলাদিন'স জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত।

কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আকিজ ভেঞ্চার লিমিটেড এবং আলাদিন’স জেনারেল হাসপাতাল, ধামরাই-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি (Healthcare Service Agreement) স্বাক্ষরিত হয়েছে।


বুধবার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বারোবাড়িয়া, ধামরাই ফ্যাক্টরিতে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আলাদিন’স জেনারেল হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন প্রিয়াংকা এবং আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষে হেড অব এডমিন মোঃ দ্বীপরাজ খান স্বাক্ষর করেন। এ সময় কারখানার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।


চুক্তির আওতায় সংশ্লিষ্ট কর্মী ও তাঁদের যোগ্য পরিবারের সদস্যরা কোম্পানির মেডিকেল অফিসারের স্বাক্ষরিত পত্র বা প্রেসক্রিপশন প্রদর্শনের মাধ্যমে হাসপাতালে অগ্রাধিকারভিত্তিতে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া কারখানার শ্রমিকদের চিকিৎসা সেবার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে।


আলাদিন’স জেনারেল হাসপাতালটি কারখানা থেকে মাত্র ১৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করে থাকে। হাসপাতালটির নিকটবর্তী অবস্থান ও সার্বক্ষণিক সেবা প্রদানের সক্ষমতার ফলে জরুরি পরিস্থিতিতে কর্মীরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে বিভিন্ন শিফটে কর্মরত কর্মীদের জন্য এ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি সুস্থ, নিরাপদ ও কর্মীবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সহজে ও দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর দ্রুত কর্মস্থলে ফিরে আসতে সহায়তা করবে। এর ফলে কর্মীদের সার্বিক কল্যাণের পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও কর্মপরিবেশের স্থিতিশীলতাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে।


এই চুক্তির মধ্য দিয়ে আকিজ ভেঞ্চার লিমিটেড ও আলাদিন’স জেনারেল হাসপাতাল, ধামরাই-এর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। কর্মীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

“উন্নত স্বাস্থ্যসেবা, শক্তিশালী কর্মীবাহিনী, সুস্থ ভবিষ্যৎ।”

 

ডিবিসি/ আরএফই

 

আরও পড়ুন