কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ১৩/০৯/২০২৬ইং রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয়। নিহতের স্ত্রী মোমেনা বেগম বাঙ্গরা বাজার থানায় এজাহারনামীয় ১৯ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তিনি মামলায় অভিযোগ করেন পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। ঘাতকরা ঘটনাটিকে ডাকাতির চেষ্টা ও গণপিটুনি বলে চালানোর চেষ্টা করছে বলে জানান।
কুমিল্লা জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন:
ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেয় কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বাঙ্গরাবাজার থানা পুলিশের একটি বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় ১৬ নং আসামী উত্তর পেন্নই গ্ৰামের মৃত ধবীর মুন্সীর ছেলে মো. পিন্টু মিয়া (৪০) কে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামীকে জিঙ্গাসাবদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তার এবং মূল রহস্য উদঘাটনে বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/ আরএফই