সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। আহতদের মধ্যে একজন সৌদি নারী ও অপরজন পাকিস্তানি নাগরিক, যার অবস্থা আশঙ্কাজনক। ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি ভবন ও যানবহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি হুতিরা ছুড়েছিল। এর আগে গত মঙ্গলবার পবিত্র মক্কা নগরীর দিকে ছোড়া হুতিদের আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রিয়াদ, তবে হুতিরা ওই অভিযোগ অস্বীকার করে। ২০২২ সালের অস্ত্রবিরতির পর সম্প্রতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা ফের তীব্র হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন