আন্তর্জাতিক

বামপন্থী বিরোধী জোটের কাছে নির্বাচনে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুইডেনের সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী জোটের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে ক্ষমতাসীন ডানপন্থী জোট ও বিরোধী বাম জোটের মধ্যে মাত্র ৫০ হাজার ভোটের ব্যবধান তৈরি হয়েছে। সুইডিশ নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পার্লামেন্টের (রিক্সদাগ) ৩৪৯টি আসনের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাট নেত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ১৭৬টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন। আনুষ্ঠানিক ফলাফল আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে।


পদত্যাগের ঘোষণায় উলফ ক্রিস্টারসন জানান, নতুন সরকার গঠনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি স্পিকারের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন, যেন কালবিলম্ব না করে আলোচনা শুরু করা যায়। সুইডেনের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পার্লামেন্টের স্পিকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে নতুন সরকারপ্রধানের নাম প্রস্তাব করেন, যা পরবর্তীতে আইনপ্রণেতাদের ভোটে চূড়ান্ত হয়।


নির্বাচনে জয়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক ভাষণে বিরোধী নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেনের জনগণ দেশের জন্য নতুন একটি পথ বেছে নিয়েছে। চার বছর বিরোধী দলে থাকার পর অ্যান্ডারসন ফের ক্ষমতায় ফিরতে যাচ্ছেন। এরই মধ্যে তিনি দ্য লেফট পার্টি, দ্য সেন্টার পার্টি ও গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন। তবে কর ব্যবস্থাপনাসহ নানা নীতিগত বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় সরকার গঠনে কিছুটা সময় লাগতে পারে।


ক্রিস্টারসনের কনজারভেটিভ মডারেট পার্টির নেতৃত্বাধীন জোটে ছিল কট্টর অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস (এসডি), ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেলস। অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে পরিচিতি পাওয়া এসডি দলটি ২০১০ সালে পার্লামেন্টে ঢোকার পর এবারই প্রথমবারের মতো তাদের জনসমর্থন কমেছে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সুইডেনের রাজনীতিতে শক্তিশালী প্রভাব ধরে রাখা সোশ্যাল ডেমোক্র্যাটরা আবারও দেশটির রাষ্ট্রক্ষমতায় ফিরছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন