স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বার্সেলোনা উপকূলে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থার রেড অ্যালার্ট জারির মধ্যেই স্রোতের তোড়ে ভেসে গিয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণ ও বন্যায় কাতালোনিয়া এবং ভ্যালেন্সিয়া অঞ্চলে রাস্তাঘাট তলিয়ে গেছে, বিঘ্নিত হচ্ছে উড়োজাহাজ চলাচল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে সামগ্রিক যাতায়াত ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্সেলোনা থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অলিভেলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। স্রোতের তোড়ে তার গাড়িটি ভেসে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুরুতে নিখোঁজ ব্যক্তিটি নারী বলে খবর ছড়ালেও পরে কাতালান ফায়ার সার্ভিস তা সংশোধন করে। বৈরী এই আবহাওয়ায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ বলে আখ্যা দিয়েছেন।
কাতালোনিয়ার জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন, দুর্যোগের কারণে তারা ৮৫০টিরও বেশি সহায়তা চেয়ে কল পেয়েছেন এবং ৫০০টিরও বেশি ঘটনার তালিকাভুক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রাস্তায় গাড়ি তলিয়ে যেতে এবং আন্ডারপাসগুলোতে আটকা পড়া গাড়ি উদ্ধারে কর্মীদের আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। পাশাপাশি শহরের বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসের রুট পরিবর্তন করা হয়েছে।
পার্শ্ববর্তী ভ্যালেন্সিয়া অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত আঘাত হেনেছে। স্থানীয় আবহাওয়া সংস্থা আভামেট জানিয়েছে, কয়েকটি পৌরসভায় মাত্র আধা ঘণ্টার মধ্যে ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যাকে তারা 'অত্যন্ত বিরল' বলে উল্লেখ করেছে। ভ্যালেন্সিয়া প্রদেশে অন্তত ৪৭৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই সম্পদহানি ও যানজট সংক্রান্ত। সেখানেও সব মেট্রো চলাচল স্থগিত এবং বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখায় অনেক ফ্লাইটের পথ পরিবর্তন করতে হয়। এছাড়া, মাঠে ও খেলোয়াড়দের টানেলে পানি জমার কারণে লেভান্তে ও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার একটি ফুটবল ম্যাচও স্থগিত করা হয়েছে।
রেকর্ডভাঙা উষ্ণ গ্রীষ্ম ও সেপ্টেম্বরের শুরুতে তীব্র গরমের ঠিক পরই এমন বন্যার মুখে পড়ল স্পেন। বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে শরৎকালে আঘাত হানা এসব ঝড় আরও তীব্র আকার ধারণ করছে। উল্লেখ্য, মাত্র দুই বছর আগেই ভ্যালেন্সিয়ায় এক ভয়াবহ বন্যায় ২৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন