ভারত

দিল্লিতে কিশোরীকে র্ধষণের পর হত্যা, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর লাশ খোলা মাঠে ফেলে দেওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় তিন নাবালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকার কুশাক রোডের একটি মাঠ থেকে ওই কিশোরীর পচাগলা লাশ উদ্ধার করা হয়। লাশটি এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে প্রাথমিকভাবে তার লিঙ্গ শনাক্ত করাও কঠিন ছিল। আরও ভয়ংকর বিষয় হলো, খোলা মাঠে পড়ে থাকা ওই লাশের বেশ কিছু অংশ রাস্তার কুকুর খেয়ে ফেলেছিল এবং একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।


তদন্তে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে ওই কিশোরীর পূর্বপরিচয় ছিল। ঘটনার দিন তারা একটি টেম্পোতে করে একসঙ্গে যাতায়াত করছিল। ভেতরে বসে তারা মদ্যপান করে। এরপরই ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ মাঠে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকেরা। আশ্চর্যের বিষয় হলো, নিখোঁজ হওয়ার পরও মেয়েটির পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। কারণ হিসেবে তারা পুলিশকে জানায়, মেয়েটি প্রায়ই কয়েক দিনের জন্য বাড়ির বাইরে থাকত এবং পরে আবার নিজে থেকেই ফিরে আসত।


এই ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় শুরুতে অপরাধীদের শনাক্ত করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। পরে পুলিশ বিএএনএস এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এলাকার অন্তত ৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাতের অন্ধকারে চলা সন্দেহভাজন ওই টেম্পোটিকে চিহ্নিত করা হয়। ১৫ ও ১৬ সেপ্টেম্বরের টানা অভিযানে টেম্পোচালককে আটকের পর পুরো ঘটনার জট খোলে এবং একে একে চারজনকেই গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত প্রাপ্তবয়স্ক তরুণের নাম শিবম ওরফে সুদামা বা চুচু। বাকি তিনজনের বয়স ১৬ ও ১৭ বছরের মধ্যে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি, ঘটনার দিন পরা পোশাক ও ওই টেম্পো জব্দ করা হয়েছে। এ ঘটনার ফরেনসিক ও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে বিস্তারিত তদন্ত চলছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন