মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের কাছে অত্যাধুনিক ‘এফ-৩৫ লাইটনিং টু’ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিশাল এই চুক্তির আওতায় ৪৮টি যুদ্ধবিমান, ৪৯টি ইঞ্জিন, যোগাযোগের সরঞ্জাম এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ কিনতে পারবে রিয়াদ।
এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, মধ্যপ্রাচ্যে মিত্র দেশ ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার যে অলিখিত প্রতিশ্রুতি ওয়াশিংটনের রয়েছে, এই চুক্তির ফলে তা বড় ধরনের পরীক্ষার মুখে পড়তে পারে। রাডারে ধরা না পড়ার প্রযুক্তিসম্পন্ন (স্টিলথ) এই এফ-৩৫ বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। গত এক দশক ধরে ইসরায়েল এটি ব্যবহার করে আসছে এবং মধ্যপ্রাচ্যে একমাত্র তাদের কাছেই এই যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং বিশেষ করে আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধবিমানগুলো কেনার আবেদন জানিয়ে আসছিল।
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস প্রস্তাবিত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তারা জানায়, এটি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন। এর আগে ২০২৫ সালেও ট্রাম্প প্রশাসন সৌদির সঙ্গে ১৪ হাজার ২০০ কোটি ডলারের একটি বড় অস্ত্র চুক্তি করেছিল। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর চুক্তির শর্ত হিসেবে সৌদিকে এই যুদ্ধবিমান দেওয়ার কথা ভেবেছিল, তবে পরবর্তীতে সেই উদ্যোগ থমকে যায়।
পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পেলেও চুক্তিটি চূড়ান্ত হতে এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে অনেক মার্কিন আইনপ্রণেতা রিয়াদের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বেশ সন্দিহান। ফলে কংগ্রেসে এই প্রস্তাবটি কড়া পর্যালোচনার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 'ভিশন ২০৩০'-এর আওতায় সৌদি আরব বর্তমানে সামরিক ও অর্থনৈতিক আধুনিকায়নের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এফ-৩৫ কেনার এই উদ্যোগ তারই একটি অংশ।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসভিএন