বেলজিয়ামের ফ্লেমিশ পার্লামেন্ট ভবনের একটি টয়লেটে প্রায় ১৩ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে ভ্লামস বেলাং দলের সংসদ সদস্য ফ্রেদেরিক এরেন্সকে। বুধবার সকালে জরুরি সেবা বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে শ্বাসকষ্টের অভিযোগে তাকে ব্রাসেলসের সেন্ট-জান হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টয়লেটের দরজার লক বিকল হয়ে যাওয়ায় এরেন্স ভেতরে আটকা পড়েন। দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি সেখান থেকে বের হতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার সকালে জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।
ভিটিএম নিউজ জানিয়েছে, উদ্ধারকর্মীরা একটি ক্রোবার ব্যবহার করে বিকল লক ভেঙে দরজাটি খুলে দেন। প্রায় ১৩ ঘণ্টা পর টয়লেট থেকে বের করা হয় এই ফ্লেমিশ এমপিকে।
উদ্ধারের পর ৫৮ বছর বয়সী এরেন্সের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে জানা গেছে। এ কারণে তাকে দ্রুত ব্রাসেলসের সেন্ট-জান হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি এবং হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ফ্রেদেরিক এরেন্স ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট অঞ্চল থেকে ফ্লেমিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি পার্লামেন্টের মবিলিটি অ্যান্ড পাবলিক ওয়ার্কস এবং ফরেন পলিসিসহ কয়েকটি কমিটিতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কিরবার্গেন পৌরসভার একজন কাউন্সিলর।
সূত্র: দ্য ব্রাসেলস টাইমস
ডিবিসি/এসএফএল